পাঁচ দিন ব্যাপী বেসিস সফটএক্সপো-২০১০ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামি ১০ ফেব্রুয়ারী শুরু হতে যাচ্ছে। হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এ্যন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এই ঘোষণা দেয়।
গত সাত বছর ধরে বেসিস এই মেলা আয়োজন করে যাচ্ছে যা দেশের আইসিটি সেক্টরের অগ্রগতি সম্পর্কে জনগণকে অবহিত করতে সহায়তা করছে। এই মেলা বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের সামর্থ্য সম্পর্কে আন্তর্জাতিক মহলকে বুঝতেও সাহায্য করে থাকে। পাশাপাশি এই মেলা আইসিটি সম্পর্কে জনগণের সচেতনতাও বাড়িয়ে থাকে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এই মেলা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সভায় মূল বক্তব্য উপস্থাপনকালে বেসিসের পরিচালক এমএ মুবিন খান (ডিরেক্টর ইনচার্জ, ন্যাশনাল ইভেন্টস কমিটি) বলেন, ‘‘ডিজিটাল বাংলাদেশ ইন এ্যকশন” বেসিস সফটএক্সপো ২০১০-এর মূল প্রতিপাদ্য।
এবারের মেলা এমন এক সম্ভাবনাময় আয়োজনে পরিণত হতে প্রত্যাশী যা- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বাংলাদেশের অমিত সম্ভাবনা, সম্পদ বা সম্পন্নতা এবং দক্ষতার পরিচায়ক এক বিশ্বমানের প্লাটফরর্ম তৈরিতে সহায়ক হবে, যা দক্ষ আইসিটি পেশাদারদের জন্যে অভ্যন্তরীন ও আন্তর্জাাতিক বাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেসিসের প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এন করিম, এ তৌহিদ (চেয়রম্যান, ন্যাশনাল ইভেন্টস কমিটি), সেক্রেটারি জেনারেল নাহিদ আহমেদ, ফয়সাল এ আলিম, সদস্য, বেসিস ।
সংবাদ সম্মেলনে মেলার আয়োজক বেসিস, ও স্পন্সর সহ মেলার ব্যবস্থাপনায় যুক্ত প্রতিষ্ঠান সমূহ সংবাদ মাধ্যমের সামনে মেলার অনুষ্ঠান সূচি সহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বেসিস এর প্রেসিডেন্ট জনাব হাবিবুল্লাহ এন করিম সহ অন্যান্য কর্মকর্তাগণ।
সফটওয়্যার নির্মাতা ও প্রদানকারী সংগঠন, ক্রেতা, তথ্যপ্রযুক্তি (আইটি) গ্রাহক, পেশাদার শ্রেণী, যোগাযোগ ও সংবাদ মাধ্যম, পরিকল্পণা প্রণেতা, উন্নয়নের অংশীদার, ছাত্রসহ সমাজের নানা স্তরের মানুষের এক অনবদ্য মিলনক্ষেত্র তৈরি করবে এই মেলা।
আয়োজকরা মনে করেন এই মেলার মাধ্যমে মোট দেশজ উৎপাদনে তথ্য ও প্রযুক্তি খাতের অবদানের পরিমাণ বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমেই ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব। বেসিস সফট এক্সপো-২০১০ দেশের আইটি কোম্পানিগুলোর সঙ্গে স্থানীয় ও আন্তর্জাতিক ক্লায়েন্ট (ভোক্তা বা গ্রাহক)-দের সংযোগ ও সম্পর্ক স্থাপনে সহায়ক ভূমিকা রাখবে ।
এবারের সফট এক্সপোতে দেশী-বিদেশী দু শতাধিক প্রতিষ্ঠান অংশ নিবে বলে আশা করা যাচ্ছে। উলেখ্য যে বেসিস এখন দেশের বৃহত্তম গ্রাজুয়েট এম্প্লয়মেন্ট সেক্টর। বর্তমানে দেশের পাঁচ শতাধিক সফটওয়্যার ও আইটিইএস শিল্প প্রতিষ্ঠানে ২০হাজারেরও বেশি আইট প্রফেশনালস কর্মরত আছেন।






