অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এআইডিএফ) একটি অবাণিজ্যিক প্রতিষ্ঠান, যা বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়তে মানসম্পন্ন শিক্ষা, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে সকলের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য বাংলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবাধ ব্যবহার বাড়ানোর মাধ্যমে দেশকে অর্থনৈতিক, সামাজিক এবং ভাষাগত সবদিকেই উন্নতির শিখরে নিয়ে যাওয়া।
২০০২ সালের অক্টোবরে সূচনালগ্ন থেকেই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতির সাথে মিল রেখে ওপেনসোর্স সফটওয়্যারের স্থানীয়করণ (অনুবাদ) করে আসছে। ওপেন সোর্স সফটওয়্যার হল এমন একধরণের সফটওয়্যার যার মেধাস্বত্ত্ব (সফটওয়্যারের কপিরাইট) এমন যে, ব্যবহারকারীকে এ সফটওয়্যার ও এর সোর্সকোড অনুশীলন, পরিবর্তন এবং মানোন্নয়ন করার অধিকার রয়েছে, যা কপিরাইট সফটওয়্যারে থাকে না। ওপেন সোর্স সফটওয়্যারকে অনেক সময় মুক্ত ও স্বাধীন সফটওয়্যারও বলা হয়ে থাকে। স্থানীয়কৃত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে অপারেটিং সিস্টেম, ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশীট, প্রেজেন্টেশন টুল, ইমেইল ক্লায়েন্ট, ইন্টারনেট ব্রাউজার সহ আরও বেশ কিছু সফটওয়্যার। এ সফটওয়্যারগুলোর জন্য বাংলা ভাষায় প্রশিক্ষণ উপকরণ তৈরি করা হচ্ছে, যাতে করে খুব সহজেই সফটওয়্যারগুলোর ব্যবহার শেখা যায়। ইংরেজী ভাষায় দক্ষতা অর্জন প্রয়োজন নয় এমন কাজে আইসিটির ব্যবহারে এ সফটওয়্যারগুলো ব্যয় সাশ্রয়ী এবং কার্যকরী সমাধান।
অঙ্কুরের স্থানীয়কৃত সফটওয়্যার
অফিস স্যুট
OpenOffice.org মুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্যাকেজ সফটওয়্যার। মাইক্রোসফট অফিসের সমকক্ষ এই সফটওয়্যার দিয়ে লেখালেখি, হিসাবনিকাশ, উপস্থাপনা, গ্রাফিক্স সহ সব কাজ করা যায়। ওপেনঅফিস.অর্গ বিশ্বের অধিকাংশ ভাষায় এবং সব ধরনের অপারেটিং সিস্টেমে কাজ করে। এটি ইন্টারনেট থেকে বিনামূল্যে সংগ্রহ করে চালানো যায়। এ ছাড়া এটি অন্য যে কাউকে বিতরণ করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয় না। বাংলা ওপেন অফিসের নতুন এই সংস্করণের অন্যতম বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে, হালনাগাদ করা বাংলা ইউজার ইন্টারফেস, বাংলা বানান পরীক্ষার জন্য লক্ষাধিক শব্দের বাংলা অভিধান এবং বাংলা ভাষার সহায়িকা। এ ছাড়া এর সঙ্গে প্রাথমিকভাবে যুক্ত করা হয়েছে বাংলা ভাষায় হাইফেন লেখার সুবিধা এবং বাংলাদেশের জন্য বাংলা লোক্যাল, যা বাংলা একাডেমীর সুপারিশ করা বর্ণানুক্রম নীতি অনুযায়ী তৈরি।
ইন্টারনেট ব্রাউজার
Mozilla Firefox সংক্ষেপে শুধু ফায়ারফক্স নামেও ডাকা হয়। ফায়ারফক্স বর্তমানে যে সকল সুবিধাগুলো পাওয়া যায় তার মধ্যে একই উইন্ডোতে একাধিক ওয়েব পেজ ব্রাউজিং, বানান শুদ্ধিকরণ ব্যবস্থা, উন্নত অনুসন্ধান ব্যবস্থা, সরাসরি বুকমার্কিং, ডাউনলোড ম্যানেজার ইত্যাদি অন্যতম।
ইমেল ক্লায়েন্ট
Mozilla Thunderbird বা সংক্ষেপে থান্ডারবার্ড একটি ইমেইল অ্যাপ্লিকেশন যার মাধ্যমে ইমেইল আদান-প্রদান করা যায়। এছাড়াও এতে রয়েছে উন্নত ইমেইল ব্যবস্থাপনা, একাধিক ইমেইল অ্যাকাউন্ট থেকে ইমেইল সংগ্রহ, অ্যাড্রেসবুক ইত্যাদি ব্যবস্থা।
তাৎক্ষনিক বার্তাব্যবস্থা
Pidgin বা পিজিন হলো এমন একটি ইন্টারনেট ভিত্তিক চ্যাটিং ব্যবস্থা যা একই সাথে একাধিক নেটওয়ার্কে লগ-ইন করা এবং চ্যাটিং করার সুযোগ দেয়। আপনি হয়তো আপনার বন্ধুর সাথে গঝঘ-এ কথা বলছেন, এই একই সময়ে এবং একই সাথে আপনি আপনার ণধযড়ড় কিংবা এড়ড়মষব ঞধষশ ব্যবহারকারী বন্ধুটির সাথে আলাদা কোন চ্যাটিং সফটওয়্যার ছাড়াই পিজিন থেকেই কথা বলতে পারবেন।
মিডিয়া প্লেয়ার
VLC media player বা সংক্ষেপে ভিএলসি প্লেয়ার বলা হয়। ভিএলসি প্লেয়ার কম্পিউটারে অডিও (গান) ও ভিডিও (চলচ্চিত্র) চালনার একটি সফটওয়্যার। এটি প্রায় সকল ফরম্যাট ও কোডেক এর ফাইল চালাতে পারে।
বাংলা বানান পরীক্ষক
অঙ্কুর ইতোমধ্যে ইউনিকোড ভিত্তিক বাংলা বানান পরীক্ষক তৈরি করেছে যা বাংলা ভাষায় ইউনিকোড ভিত্তিক প্রথম বানান পরীক্ষক। সমপ্রতি অঙ্কুর এই বাংলা বানান পরীক্ষকের হালনাগাদকৃত সংস্করণ প্রকাশ করেছে, যাতে রয়েছে ৩ লক্ষাধিক বাংলা শব্দ। এই বানান পরীক্ষকটি বাংলা শব্দের ভুল বানান সনাক্ত করতে পারে এবং ভুল বানানের জন্য সম্ভাব্য শুদ্ধ শব্দসমূহের একটি তালিকাও দেয়। বর্তমানে এই বানান পরীক্ষক মুক্ত ওপেনসোর্স ভিত্তিক অফিস প্রোডাক্টিভিটি টুল ওপেনঅফিস.অর্গ এর সকল কম্পোনেন্ট সহ ইন্টারনেট ব্রাউজার ফায়ারফঙ এবং ইমেইল ক্লায়েন্ট থান্ডারবার্ডেও কর্মক্ষম। ওপেনঅফিস.অর্গ, ফায়ারফঙ এবং থান্ডারবার্ড এর জন্য আলাদা আলাদা প্যাকেজ অঙ্কুরের ওয়েবসাইটেই পাওয়া যাবে।
জিনোম ডেস্কটপ পরিবেশ
GNOME একটি ওপেন সোর্স ডেস্কটপ পরিবেশ। জনপ্রিয় সকল লিনাক্স ডিস্ট্রিবিউশন, যেমন উবুন্টু, ফেডোরা, রেডহ্যাট, সুসে, ম্যান্ড্রিভা ইত্যাদি এই GNOME ডেস্কটপ পরিবেশ ব্যবহার করে তাদের অপারেটিং সিস্টেম সাজায়। আমরা গ্রাফিক্স মোডে লিনাক্স অপারেটিং সিস্টেম চালানোর সময় যা দেখি বা যেখানে ক্লিক করি সেটিই GNOME, যার সকল ইন্টারফেস বাংলায় অনুবাদ করা হয়েছে। এটি ডাউনলোড করে আলাদে ভাবে ব্যবহার করার কিছু নেই, উবুন্টু বা ফেডোরা বাংলায় ব্যবহার করা মানেই GNOME -এর ব্যবহার।
হৈমন্তি বাংলাদেশে প্রথম বাংলা ভাষায় লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম। হৈমন্তি তে ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশীট, প্রেজেন্টেশন টুল, ইমেইল ক্লায়েন্ট, ইন্টারনেট ব্রাউজার সহ আরও বেশ কিছু সফটওয়্যার, সম্পূর্ণ বাংলায় রয়েছে। অঙ্কুর ২০০৮ সালে ই- লোকালইজেশন ক্যাটেগরিতে “হৈমন্তি” এর জন্য মান্থান পুরস্কার লাভ করে।
এছাড়াও ডেবিয়ান, রেডহ্যাট/ ফেডোরা, উবুন্টু এবং ওএলপিসি (OLPC) অপারেটিং সিস্টেমগুলোর অনুবাদ প্রকল্পসমূহ অঙ্কুর পরিচালনা করে।
অঙ্কুর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আইসিটির যথাযথ ব্যবহার এবং স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী যারা দেশ গড়ায় আগামী সৈনিক হিসেবে বিবেচিত তাদের আইসিটি ব্যবহারে দক্ষতা নিশ্চিত করে – সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অঙ্কুর বিশ্বাস করে বর্তমান বাংলাদেশ সরকারের গৃহীত ডিজিটাল বাংলাদেশের জাতীয় কর্মসূচীর আওতায় আইসিটি ব্যবহারে দক্ষ জনবল তৈরি এবং সর্বসাধারনের আইসিটি ব্যবহারে, ব্যয় সাশ্রয়ী এবং কার্যকরী সমাধান হবে মাতৃভাষা বাংলায় অনূদিত মুক্ত ও ওপেনসোর্স সফটওয়্যার এবং মাতৃভাষায় তৈরি বলে তা সর্বসাধারনের ব্যবহারযোগ্য হবে এবং তা সহজেই গ্রহণযোগ্যতা পাবে।
বাংলাদেশের শিক্ষায় আইসিটির টেকসই ব্যবহার নিশ্চিত করে দেশের সামগ্রিক অগ্রগতিতে এবং সরকারের গৃহীত ডিজিটাল বাংলাদেশ শীর্ষক জাতীয় কর্মসূচীর সাথে অঙ্কুর একাত্মভাবে কাজ করে যাচ্ছে। তাই এই জাতীয় লক্ষ্য অর্জনে অঙ্কুর ব্যয় সাশ্রয়ী সফটওয়্যার সমাধানের উন্নয়ন ও বাংলাদেশের জন্য কার্যকরী করতে স্থানীয়করণ করে যাচ্ছে। এছাড়া এ ধরনের সফটওয়্যারের উপর কার্যকরী প্রশিক্ষণের জন্য অঙ্কুর বাংলা ভাষায় উন্নত প্রশিক্ষণ উপকরণ তৈরি ও জেলা পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচীর পরিকল্পনা করছে। এ সকল শিক্ষক মাতৃভাষা বাংলায় অনূদিত মুক্ত ও ওপেনসোসর্ সফটওয়্যারের পরিচালনার উপর প্রশিক্ষণ নিয়ে, স্ব স্ব প্রতিষ্ঠানে এর প্রশিক্ষণ ও ব্যবহার নিশ্চিত করবেন।
অঙ্কুরের সকল কাজ www.ankur.org.bd ওয়েবসাইটে ও সংশ্লিষ্ট প্রোজেক্ট সাইটে হতে ডাউনলোড করা যায়। যেকোন পরামর্শ, তথ্য এবং অনুসন্ধানের জন্য মেইল করতে পারেন।






